×
Logo

সারাদেশ

জমি নিয়ে বিরোধ, নরসিংদীতে লাঠির আঘাতে স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম

জমি নিয়ে বিরোধ, নরসিংদীতে লাঠির আঘাতে স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাই জীবন মিয়ার লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজান মিয়া বড়চাপা পূর্বপাড়ার সফুর উদ্দিনের ছেলে এবং বড়চাপা ইউনিয়নের ৪ নম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত জীবন মিয়া একই ওয়ার্ডের আওয়ামী লীগ সহ-সভাপতি শহীদুল্লাহর ছেলে।

নিহতের স্বজনরা জানায়, নিহত মিজান মিয়া ও তার চাচা শহীদুল্লাহর বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও শহীদুল্লাহ তা মেনে নেননি। আজ শনিবার দুপুরে রাস্তায় থাকা একটি গাছ মিজান মিয়া কাটতে গেলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। 

এ সময় শহীদুল্লাহর ছেলে জীবন মিয়া লাঠি নিয়ে এসে মিজানকে মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, চাচা-ভাতিজার জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এমএন

Logo