শাহ আমানত বিমানবন্দরে ক্যাপসুলসদৃশ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ ভারতীয় যাত্রী আটক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বাসের ভেতরে ক্যাপসুলসদৃশ আকৃতিতে লুকানো প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণজাত পদার্থসহ এক ভারতীয় যাত্রীকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) তাকে আটক করে।
সিআইআইডি জানায়, সকাল ৬টা ৫৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট জি৯-৫২৬-এ চট্টগ্রামে আসেন ভারতীয় নাগরিক থামিম আনসারি। গ্রিন চ্যানেল অতিক্রমের পর সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল তাকে শনাক্ত করে। পরে দেহ তল্লাশি চালিয়ে তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।
প্রাথমিক হিসাব অনুযায়ী, প্যাকিং সামগ্রীসহ উদ্ধার করা বস্তুর ওজন ৪৫৫ গ্রাম। তবে প্যাকিং সামগ্রী বাদ দিয়ে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে। এজন্য স্বর্ণকারের সহায়তা নেওয়া হচ্ছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রমও চলমান রয়েছে।
সিআইআইডি আরও জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
/এসআইএন