আপনারা যেখানেই যাবেন, পাটওয়ারীকে বাদ রেখে যান: এনসিপির উদ্দেশে রাশেদ খাঁন
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:৩১ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি রাশেদ খাঁন বলেছেন, আপনারা যেখানেই যাবেন, অন্তত নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে আপনারা যান। বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটা জায়গায় আপনাদের সহযোগিতা করবো।
শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, এনসিপি বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছে। আইনমন্ত্রী আসাদুজ্জামানকে তার নিজ জেলা ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় গিয়ে হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারীরা একের পর এক গালিগালাজ শুরু করেছে। এটা কিন্তু ঝিনাইদহবাসী সহ্য করবে না।
তিনি স্পষ্ট করে বলেন, বিরোধীদলকে সহযোগিতা করবো। কিন্তু পাটওয়ারীর মতো যারা রয়েছেন, তাদের নিয়ে বিভিন্ন জেলায় যাবেন। আর মনে করবেন যে, সেখানকার ভোটার বা সাধারণ মানুষ সংক্ষুব্ধ হবে না, সেটি কিন্তু হতে পারে না।
রাশেদ খাঁন বলেন, বিরোধীদলে এই মুহূর্তে যারা আছেন, আমি মনে করি, প্রধানমন্ত্রীর আচরণ ও আন্তরিকতা থেকে তাদের অনেক কিছু শেখার আছে।
/এসআইএন