ঝিনাইদহে স্টেশনে যাত্রীবাহী ট্রেন রেখে চালক উধাও
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:০৩ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনে যাত্রীবাহী ট্রেন রেখে চালক উধাও হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন মোবারকগঞ্জ রেল স্টেশনে থামলে ট্রেন রেখে থেকে চালক উধাও হয়ে যান।
যাত্রীরা জানান, চালক ট্রেন রেখে চলে গেলে যাত্রীরা স্টেশনের প্লাটফর্মে নেমে আসেন। সে সময় স্টেশন মাস্টার কক্ষে হট্টোগোলের সৃষ্টি হয়। এ সময় কালীগঞ্জ থানা পুলিশের একটি দল স্টেশনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রেন রেখে যাওয়ার প্রায় দেড় ঘণ্টা পর চালক ট্রেনে ফিরে আসেন। তবে কি কারণে তিনি ট্রেন রেখে চলে গিয়েছিলেন এ ব্যাপারে কোন তথ্য জানা যায়নি।
এ বিষয়ে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের গার্ড শফিকুল ইসলাম বলেন, আমাদের ট্রেনটি খুলনা থেকে ছেড়ে বিকাল ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়। এরপর লোকো মাস্টারকে ক্লিয়ারেন্স দিলেও ট্রেন না ছাড়ায় খোঁজ নিয়ে জানতে পারি চালক গাড়ি রেখে চলে গেছেন। তবে কি কারণে গাড়ি রেখে চলে গিয়েছিলেন তা বলতে পারেননি।
এ বিষয়ে মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার শাহজাহান আলী বলেন, খুলনা থেকে ছেড়ে সাগরদাড়ি ১৬১ আপ ট্রেনটি ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়। নিয়মানুযায়ী ২ মিনিট দাঁড়িয়ে থাকার পর লাইন ক্লিয়ার দেওয়া হয়। কিন্তু সেখানে চালকের ইঞ্জিনে গিয়ে দেখা যায় দরজা বন্ধ, ইঞ্জিনও বন্ধ। এরপর থেকে খোঁজাখুঁজি শুরু।
তিনি আরও বলেন, একঘণ্টার অধিক সময় পর চালক ট্রেনে ফিরে এসে ট্রেন নিয়ে যাত্রা শুরু করেন। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ট্রেনটি স্টেশন ত্যাগ করে।
/এসআর