×
Logo

সারাদেশ

কথা রাখলেন স্বাস্থ্যমন্ত্রী, দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন এখন ইডিসিএল’র কনিষ্ঠ কর্মকর্তা

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম

কথা রাখলেন স্বাস্থ্যমন্ত্রী, দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন এখন ইডিসিএল’র কনিষ্ঠ কর্মকর্তা

কথা রেখেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ ব্যবস্থাপনায় চাকরি পেয়েছেন সাতক্ষীরার দৃষ্টিপ্রতিবন্ধী সেই শারমিন আক্তার। তাকে রাজধানীর এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এ 'কনিষ্ঠ কর্মকর্তা' হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২ আগস্ট, কর্মস্থলে যোগদান করবেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে, শারমিন আক্তারের হাতে নিয়োগপত্র তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

এর আগে, গেলো ২৬ জুলাই, সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শনকালে দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন আখতারকে স্বাস্থ্যমন্ত্রীর নিকট হাজির করেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েটি একটি চাকরি জন্য দ্বারে দ্বারে ঘুরছিল। মেয়েটির দুঃখ দুর্দশার কথা শুনে তাৎক্ষণিক মেয়েটিকে একটি চাকরি দেয়ার আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী।

শারমিন আক্তার গ্রামের বাড়ী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'সরকার ও রাজনীতি' বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন। চার ভাই বোনের মধ্যে সবার ছোট। পরিবারটি হতদরিদ্র অসহায়।

নিয়োগপত্র হাতে পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন আক্তার।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, শারমিন আক্তার খুবই অসহায়। তার পরিবারে কর্মক্ষম কেউ নাই এবং উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন। আমি তার পরিবারের অবস্থা জানার পর ওয়াদা করেছিলাম, তাকে চাকরি দিবো। তাকে ইডিসিএলে নিয়োগ দেয়া হয়েছে। ছয় মাস শিক্ষানবিশকাল পার করার পর তার চাকরি স্থায়ী হবে। সবাই তার জন্য দোয়া করবেন।

/এআই 


Logo