×
Logo

সারাদেশ

গ্রেফতার এড়াতে ঘন ঘন কৌশল আর পরিকল্পনা পাল্টাতো ডেভিড ইমন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:১৮ পিএম

গ্রেফতার এড়াতে ঘন ঘন কৌশল আর পরিকল্পনা পাল্টাতো ডেভিড ইমন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যাসহ একাধিক ঘটনায় নাম আসে পুলিশের তালিকায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের। পুলিশও অনেকদিন ধরেই তাকে খুঁজছিল। কিন্তু ধুরন্ধর এই ব্যক্তি পুলিশের চোখ ফাঁকি দিয়েছে বরাবরই। 

শেষ পর্যন্ত তাকে ধরা পড়তেই হলো পুলিশের হাতে। কীভাবে পুলিশ তাকে ধরলো, সে আভিযানিক গল্প শুনিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) গণমাধ্যমে তিনি বলেন, ডেভিড ইমনকে ধরার পেছনে অনেক কাহিনী আছে। সে খুবই চালাক এবং নেটওয়ার্কের বাইরে থাকা ব্যক্তি বলে উল্লেখ করেন তিনি। 

মাসুদ জানান, ডেভিড কোন সিম ব্যবহার করতো না। সব বিদেশি নম্বর দিয়ে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করতো। তাই তার অবস্থান শনাক্ত করা ছিল কঠিন। 

সবশেষ যখন ডেভিড ইমন যখন বুঝে যায় তার ধরা পড়ার শঙ্কা আছে, তখন আরেক আলোচিত গ্যাং লিডার বড় সাজ্জাদ তাকে পরামর্শ দেয় ভারতে পালিয়ে যেতে। সে অনুযায়ী ডেভিড পরিকল্পনাও সাজায়। সেটাই পুলিশ জেনে যায়। 

প্রথমে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে দাউদকান্দিতে তাকে ধরার একটা চেষ্টা করে পুলিশ। যদিও সেই অভিযান সফল হয়নি। এরপরে ঢাকায় ঢুকে তারা গাড়ি বদল করে। ড্রাইভারও পাল্টে ফেলে। পরে পুলিশ জানতে পারে তারা যাবে খুলনার দিকে। সে অনুযায়ী চেকপোস্ট বসানো হয় পদ্মা সেতুর টোল প্লাজায়। ধুরন্ধর ডেভিড সে সময়ও ফসকে যায়। 

পুলিশের হাত থেকে বাঁচতে ঘন ঘন কৌশল আর পরিকল্পনায় পরিবর্তন আনে ডেভিড। এরপর গোপালগঞ্জ-নড়াইল পুলিশেরও সহায়তা নেওয়া হয়। পরে যশোর পুলিশের সহায়তা নেওয়া হয়। সেখানকার পুলিশ সুপার দ্রুতই সাড়া দিয়ে একটি বিশেষ টিমকে দায়িত্ব দিয়ে দেন। 

একপর্যায়ে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ভোরে ডেভিড ইমনসহ আরো তিনজনকে গ্রেফতার করা হয়।

/এমএমএইচ

Logo