×
Logo

সারাদেশ

ফরিদপুরে মায়ের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

ফরিদপুর করেসপনডেন্ট

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:০৮ পিএম

ফরিদপুরে মায়ের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

ফরিদপুর সদর উপজেলার বায়তুল আমান রহমান মোল্লা ডাঙ্গী এলাকায় এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, ওই নারীর ছেলেকেই প্রাথমিকভাবে হত্যাকারী হিসেবে ধারণা করা হচ্ছে। ছেলে মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ। এছাড়াও ওই ছেলে এর আগে তার সৎ মাকে হত্যার দায়ে জেলে ছিল।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, দুপুর ১ টা থেকে বিকেল ৪ টার মধ্যে কোন এক সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়।

নিহত নারীর নাম শ্যামেলা বেগম (৬৫)। সে ওই এলাকার মৃত. আকবর শেখের স্ত্রী।

নিহতের কন্যা কাকলী আক্তার জানান, তার ভাই, অভিযুক্ত রাহিম শেখ মানুষিকভাবে অসুস্থ এবং উশৃঙ্খল প্রকৃতির। তাকে তারা সবাই ভয় পেত। তিনি জানান, বৃহস্পতিবার সে কাজে যাওয়ার পর মা আর ভাই বাড়ীতেই ছিলো। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাড়ীতে এসে মায়ের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত রাহিম শেখ মাদকাসক্ত ছিল। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে, তাকে খুজে পাওয়ার চেষ্টা চলছে।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে, তাকে ধরার চেষ্টা চলছে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান,  ২০১৬ সালে সৎ মাকে হত্যার দায়ে বেশ কয়েকবছর জেলে ছিল এই ছেলে। আজ আবার এই ঘটনা। স্থানীয় ও পরিবার সূত্রে নিশ্চিত হয়েছি ও মাদকাসক্ত ও মানষিক বিকারগ্রস্থ ছিল।

/এমএইচআর

Logo