টাঙ্গাইলে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নকল প্রসাধনী বিক্রি; ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ও ভাবখন্ড বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে শিশুদের নকল প্রসাধনী ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে গুরুতর অনিয়মের অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে জামুর্কী বাজারের ‘মহন্ত স্টোর’ থেকে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ শিশুদের প্রসাধনী জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়।
এছাড়া, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও কেমিক্যাল ব্যবহার করে ল্যাব পরিচালনার দায়ে জামুর্কী বাজারের ‘মির্জাপুর পপুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’কে ২০ হাজার টাকা এবং ‘জামুর্কী লাইফ অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে উপজেলার ভাবখন্ড বাজারে পরিচালিত অপর এক অভিযানে আরও একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভুয়া শিশু প্রসাধনী জব্দ করা হয়েছে। জনস্বার্থে ও সাধারণ ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
/এএ