×
Logo

সারাদেশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০৬০ কোটি ৯৯ লাখ টাকার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ করেসপনডেন্ট

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:৩১ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০৬০ কোটি ৯৯ লাখ টাকার বাজেট ঘোষণা

সাধারণ নগরবাসীর ওপর নতুন করে কোনো অতিরিক্ত কর আরোপ না করে রাজস্বের আওতা বাড়ানোর লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ১০৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।

প্রস্তাবিত এ বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ১০৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার আয় এবং ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকার ব্যয় ধরা হয়েছে।

নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলমের সভাপতিত্বে বাজেট উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর পরিকল্পনাবিদ মো. মইনুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব এবং মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ শহরের বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাজেট উপস্থাপন শেষে সাখাওয়াত হোসেন খান জানান, এই বাজেটে নগরীর অবকাঠামো নির্মাণ, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ব্রিজ-কালভার্ট তৈরি, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, মশক নিধন, সবুজায়ন ও পরিষ্কার পানি সরবরাহে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, তথ্য-প্রযুক্তি, ক্রীড়ার মানোন্নয়নে মাঠ নির্মাণ ও জরুরি ত্রাণ কার্যক্রমে বিশেষ তহবিল বরাদ্দ রাখা হয়েছে। বাজেট পেশ শেষে প্রশাসক নগরবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

/এএ 

Logo