×
Logo

সারাদেশ

স্লোগান দিয়ে গাড়িতে রড, ইট ও পাথর ছুড়ে মারে: সারজিস

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম

স্লোগান দিয়ে গাড়িতে রড, ইট ও পাথর ছুড়ে মারে: সারজিস

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, শহীদ পরিবারের সঙ্গে দেখা করে বের হয়ে আসার সময় ছাত্রদলের ২০-৩০ জন সন্ত্রাসী ‘জিয়ার সৈনিক, এক হও’ স্লোগান দিয়ে আমাদের গাড়িতে রড, ইট ও পাথর ছুড়ে মারে।

সাংবাদিকদের গাড়িতে হামলার চিত্র দেখিয়ে সারজিস বলেন, এই ছবিটাই হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনার স্বৈরাচারের পথে হাঁটার একটি চিহ্ন। তারেক রহমান শেখ হাসিনার পথেই হাঁটছেন। ছাত্রদলকে আরেকটি সন্ত্রাসী বাহিনীতে পরিণত করার যে চেষ্টা চলছে, এই ঘটনাটি তারই প্রমাণ।

তিনি আরও বলেন, ইটটা যদি আমাদের কারও গায়ে লাগতো, ঘটনাস্থলেই মৃত্যু হতে পারতো। তাহলে কি শেখ হাসিনার মতো তারেক রহমানও ছাত্রদলকে খুনি বাহিনীতে পরিণত করতে চান? যদি তাই হয়, তিনি প্রকাশ্যে ঘোষণা দিন। আমরা সে অনুযায়ী প্রস্তুতি নেবো। আমরা ভাবিনি ছাত্রদলকে এভাবে সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করা হবে। পুলিশের উপস্থিতিতেই হামলা হয়েছে, কিন্তু তারা দাঁড়িয়ে শুধু দেখেছে, কোনো ব্যবস্থা নেয়নি।

সারজিস অভিযোগ করে বলেন, আমাদের ১৮ বছর বয়সী এক কর্মী আলিফের চোখে রড দিয়ে আঘাত করে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। কিন্তু হবিগঞ্জে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এ কারণে পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে।

তিনি আরও বলেন, পুলিশ রাজনৈতিক প্রভাবের অধীনে কাজ করছে। একই সঙ্গে তারেক রহমানের উদ্দেশে বলেন, যদি তিনি একনায়কতান্ত্রিকভাবে রাজনীতি পরিচালনা করতে চান, তাহলে তা স্পষ্ট করে জানানো উচিত। সে অনুযায়ী তারাও নিজেদের রাজনৈতিক কৌশল নির্ধারণ করবেন।

/এসআইএন

Logo