পাবনায় সেপটিক ট্যাংক থেকে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার
পাবনা করেসপনডেন্ট
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় সেপটিক ট্যাংক থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গীতা রানী (৪৫) আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেঁটে ঘরের ভেতর প্রবেশ করে। পরে গীতা রানী টের পেলে দুর্বৃত্তদের সাথে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাকে বাড়ির পাশে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়।
এদিকে, বৃহস্পতিবার সকালে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে ১১ টার দিকে ট্যাংকে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার করে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিভাবে এই হত্যাকাণ্ড ঘটল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
/এসআর