বাউফলে পরকীয়ার অভিযোগে ওয়ার্ড জামায়াত সেক্রেটারিকে মারধর
বাউফল করেসপনডেন্ট
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০১:৩৯ পিএম
পটুয়াখালীর বাউফলে প্রতিবেশী এক গৃহবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন প্যাদাকে মারধর করেছে স্থানীয় লোকজন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৯ জুলাই) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে প্রতিবেশী এক গৃহবধূর বসতঘরের কাছে ফারুক হোসেন প্যাদাকে দেখতে পেয়ে আটক করা হয়। পরে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে তিনি নানামুখী কথা বলেন। ঘটনাস্থলে আসার বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি। একপর্যায়ে মুঠোফোনের তথ্য বিশ্লেষণ করে গৃহবধূর সঙ্গে যোগাযোগের বিষয় নিশ্চিত হওয়ার পর পরকীয়ার অভিযোগে স্থানীয়রা ফারুক হোসেন প্যাদাকে মারধর করেন।
পরে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে ঐ গৃহবধূর শাশুড়ি বলেন, অভিযুক্ত ফারুক অনেকদিন ধরে আমার পুত্রবধূকে বিরক্ত করত। বিভিন্নভাবে টাকা-পয়সার প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দিতো। একপর্যায়ে ফারুক পুত্রবধূর সঙ্গে সখ্যতা গড়ে তোলে। আশপাশের লোকজন বিষয়টি আগেও আমাকে জানিয়েছিল, কিন্তু বিশ্বাস করিনি।
তবে তাদের কিছু ছবি দেখার পরে পরকীয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন বলেও জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে ফারুক হোসেন প্যাদা বলেন, পূর্ব বিরোধ ও ধারে টাকা চাওয়ার ক্ষোভ থেকে স্থানীয় সাইদুল ও পারভেজসহ কয়েকজন তাকে মারধর করেছে। পরকীয়া সম্পর্কের অভিযোগ মিথ্যা বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অনৈতিক সম্পর্কের বিষয়ে জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এসআর