×
Logo

সারাদেশ

যমুনা টিভিতে সংবাদ প্রকাশ

নড়েচড়ে বসলো প্রশাসন, স্টেডিয়াম পরিদর্শনে ইউএনও

রংপুর ব্যুরো

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম

নড়েচড়ে বসলো প্রশাসন, স্টেডিয়াম পরিদর্শনে ইউএনও

রংপুর সদর উপজেলার পালিছড়া স্টেডিয়ামের প্যাভিলিয়নের ভেঙে যাওয়া প্রোটেকশন গ্লাস প্রতিস্থাপন ও বাকি গ্লাসগুলো মজবুত করার দ্রুত উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এর মাধ্যমে বিগত চার মাস ধরে চরম নিরাপত্তাহীনতায় নির্ঘুম রাত কাটানো নতুন কুঁড়ি স্পোর্টস বিজয়ী ও রংপুর বিভাগীয় বালিকা ফুটবল দলের খেলোয়াড়দের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী সাজেদুর রহমান সরেজমিনে স্টেডিয়ামটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তাদের সঙ্গে ছিলেন ফুটবল দলের কোচ মিলন মিয়া, অধিনায়ক অনন্যা খানম এবং স্ট্রাইকার স্মৃতি কিস্কুসহ অন্যান্য নারী ফুটবলাররা।

গত ২৫ এপ্রিল এক প্রবল ঘূর্ণিঝড়ে স্টেডিয়ামের প্যাভিলিয়নের প্রটেকশন গ্লাস ভেঙে যায়। এর পর থেকে অরক্ষিত অবস্থায় সেখানে বসবাস করছিলেন বালিকা ফুটবল দলের ৮ জন সদস্য। বিষয়টি এতদিন কর্তৃপক্ষের নজরে আনা হলেও কোনো সুরাহা হয়নি। 

গত বুধবার রাত থেকে যমুনা টেলিভিশনে এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচারিত হলে বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এবং জেলা প্রশাসনের নজরে আসে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন।

দলের অধিনায়ক অনন্যা খানম বলেন, চার মাস ধরে আমরা চরম আতঙ্কের মধ্যে এখানে থেকেছি। রাতের বেলায় কখন কে ঢুকে পড়ে সেই ভয়ে ঘুম হতো না। সংবর্ধনা অনুষ্ঠানেও বিষয়টি বলেছিলাম কিন্তু কাজ হয়নি। যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর ইউএনও স্যার নিজে এসে কাজ শুরুর আশ্বাস দিয়েছেন। এছাড়া যমুনা টিভি ও প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। 

পরিদর্শন শেষে ইউএনও লোকমান হোসেন বলেন, এই ক্ষুদে ফুটবলাররা পুরো রংপুর ও বাংলাদেশকে আলোকিত করেছে। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। যমুনা টেলিভিশন বিষয়টি নজরে আনায় ধন্যবাদ জানাচ্ছি এবং দ্রুততম সময়ে, আশা করছি আজ থেকেই গ্লাস প্রতিস্থাপন ও মজবুতকরণের কাজ শুরু হবে।

/এএ

Logo