×
Logo

সারাদেশ

ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি, কুষ্টিয়ায় আলোচনা-সমালোচনা

কুষ্টিয়া করেসপনডেন্ট

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পিএম

ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি, কুষ্টিয়ায় আলোচনা-সমালোচনা

কুষ্টিয়ার মিরপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে তার কার্যালয়ে গিয়ে ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুর। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এমপির এমন সংবর্ধনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে মিরপুর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে নবনিযুক্ত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেন এমপি আব্দুল গফুর।

এ ঘটনায় প্রশাসনিক নিরপেক্ষতা ও রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। যদিও অনেকে এটিকে সৌজন্য ও রাজনৈতিক শিষ্টাচার হিসেবে দেখছেন।

স্থানীয় সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মিজানুর রহমান বলেন, একজন সংসদ সদস্য যেভাবে দলবল নিয়ে ইউএনওর দফতরে গিয়ে সংবর্ধনা দিলেন, তাতে সরকারি কর্মকর্তার ওপর রাজনৈতিক প্রভাব ও অপ্রকাশিত চাপ তৈরির বার্তা যায়। এতে প্রশাসনিক নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হতে পারে।

সমালোচকদের মতে, রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য একজন গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি ও আইনপ্রণেতা। সাধারণত সরকারি কর্মকর্তারা সংসদ সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানিয়ে থাকেন। ফলে একজন সংসদ সদস্যের পক্ষ থেকে ইউএনওর কার্যালয়ে গিয়ে সংবর্ধনা দেওয়ার বিষয়টি প্রশাসনিক রীতি ও নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তবে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে। তাদের মতে, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সমন্বয় থাকলে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গতি বাড়তে পারে।

এ প্রসঙ্গে নবনিযুক্ত ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, আমি সম্প্রতি নতুন কর্মস্থলে যোগ দিয়েছি। যেহেতু আমরা একসঙ্গে এলাকার উন্নয়নে কাজ করব, সেই জায়গা থেকেই এমপি মহোদয় নিজ থেকে এসে সৌজন্য সংবর্ধনা ও উপহার দিয়েছেন। এতে ভবিষ্যতে সমন্বয় করে কাজ করা আরও সহজ হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে এমপি আব্দুল গফুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে নিজের ফেসবুক পেজে নবনিযুক্ত ইউএনওকে দেয়া সংবর্ধনার ছবি পোস্ট করেছেন তিনি।

/এএন/এএম   

Logo