×
Logo

সারাদেশ

ফরিদপুরে হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে প্রাণ গেলো ১০ মাস বয়সী শিশুর

ফরিদপুর করেসপনডেন্ট

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম

ফরিদপুরে হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে প্রাণ গেলো ১০ মাস বয়সী শিশুর

ফরিদপুরের সদরপুরে হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে ১০ মাস বয়সী আরিশা জান্নাত নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ইজিবাইকে থাকা আরও কয়েক যাত্রী। 

মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরিশা জান্নাত পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে। 

এ ঘটনায় উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনী দেয় এবং হাতিটিকে আটক করে রাখে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতির মাহুতকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত মাহুত বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের আনিস উদ্দিনের ছেলে।

জানা গেছে, শিশু আরিশাকে ডাক্তার দেখানোর জন্য তার মা ব্যাটারিচালিত ইজিবাইকে করে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আটরশি নামক স্থানে মাহুত বকুল মিয়া হাতি নিয়ে বিভিন্ন দোকানে চাঁদা উঠাচ্ছিলেন। এসময় হাতিটি শুঁড় দিয়ে টাকা নেওয়ার জন্য ইজিবাইকের সামনে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি সড়কের উপর উল্টে যায়। এ সময় ইজিবাইকে থাকা শিশু আরিশা ইজিবাইকের নিচে চাপা পড়ে আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশুটি। অন্য আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, এ ঘটনায় হাতির মাহুতকে আটক করা হয়েছে। হাতিটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

/এনএ 

Logo