বিউটি পালের বিরুদ্ধে কোনো তদন্ত কমিটি গঠন হয়নি, জানালেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ পিএম
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি পালের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যেই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের গুজব ছড়িয়ে পড়ে।
তবে সোমবার (২৭ জুলাই) সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ জানান, বিউটি পালের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন হয়নি। গঠন হবে কি না, তা নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।
জানা গেছে, ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি পাল চলতি বছর সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি নিজের ফেসবুক আইডি থেকে ‘শ্রাবণের মেঘগুলো’ গানের কয়েক সেকেন্ডের একটি রিল ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, তিনি শাড়ি পরে স্কুল প্রাঙ্গণে হাঁটাহাঁটি করছেন। এরপর ওই ভিডিও পোস্ট নিয়ে সমালোচনা ও ট্রল শুরু হয়। তবে পরে তাকে সমর্থন জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ একই গান দিয়ে ভিডিও পোস্ট করতে শুরু করেন।
/এসআইএন