কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আকবরনগর বাসস্ট্যান্ড এলাকার একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক বছর ধরে মতবিরোধ চলছিল। এর জের ধরে সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় মাসুদ মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, আহত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
/এএন