পঞ্চগড় সদর উপজেলায় ডোবার পানিতে ডুবে রায়হান (১ বছর ৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে৷
নিহত রায়হান ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে একটি ডোবায় পড়ে যায় শিশু রায়হান। তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হলেও ততোক্ষণে তার মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
/এএম