যশোরে বাস চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত
যশোর করেসপনডেন্ট
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম
যশোরের কেশবপুরে বাস চাপায় থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুর দুইটার দিকে তিনি উপজেলার পাত্রপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত মোহাম্মদ আলী শহরের মাইকেল মোড়ে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়, এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি আটক করলেও দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় চালক ও হেলপারকে শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
/এএন