নওগাঁয় পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু
নওগাঁ করেসপনডেন্ট
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম
নওগাঁর বদলগাছীতে খালের পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কার্তিকাহার গ্রামের পাশে একটি খালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮) এবং তার স্বামী নুর ইসলাম (২২)। নূর ইসলামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামে।
স্থানীয়রা জানান, রোববার (২৬ জুলাই) দুপুরে কার্তিকাহার গ্রামের পাশে একটি খালে গোসল করার জন্য প্রথমে পানিতে ঝাঁপ দেন নুর ইসলাম। এর পর তাকে দেখতে না পেয়ে স্ত্রী সুমাইয়া আক্তারও পানিতে ঝাপ দেন। এরপর দুজনেই পানির নিচে তলিয়ে যায়। কিছু পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাদেরকে পানি থেকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক নূর ইসলাম ও সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুজনের মরদেহ হাসপাতালে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
/এসআর