দিনাজপুরে প্রতিরোধের মুখে পুশ-ইন ব্যর্থ, ৯ নারীকে ফিরিয়ে নিল বিএসএফ
স্টাফ করেসপন্ডেন্ট, হিলি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১১:৪০ এএম
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৯জন নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে শেষ পর্যন্ত ওই নারীদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২৫ জুলাই) বিরামপুর উপজেলার খেয়ার মাহমুদপুর সীমান্তের ২৯১ নম্বর মেইন পিলারের ২০ সাব-পিলার সংলগ্ন এলাকায় ৯ জন নারীকে জড়ো করে বিএসএফ। ভোর রাত ৪টার দিকে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তা ব্যর্থ হয়। পরে সীমান্তের কাছেই তাদের বসিয়ে রাখা হয়।
স্থানীয়রা জানান, দিন-ভর নানা নাটকীয়তার পর রাত ৮টার দিকে আবারও জোরপূর্বক পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ৯ জন নারীকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান বজায় রেখেছে বিজিবি।
/এসআর