×
Logo

সারাদেশ

গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে, কোনো অজুহাত শুনবো না

সিলেটে বিরোধীদলীয় নেতা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:১৪ এএম

গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে, কোনো অজুহাত শুনবো না

বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে কোনো অজুহাত শুনবো না।

শনিবার (২৫ জুলাই) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা সারাদেশ ঘুরেছি। সবার দাবি একই। আর তা হলো গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণ বলছে, আপনারা সরকারি ও বিরোধীদল হ্যাঁ ভোট দিতে বলেছেন; আমরা হ্যাঁ ভোটকে বিজয়ী করেছি। এখন সেটির বাস্তবায়ন দেখতে চাই।

এসময় বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে জামায়াত আমির আরও বলেন, হাসিনাকে তাড়িয়েছি। যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে আপনাদেরও জনগণ তাড়াবে।

জনগণ পরিবর্তন ও সংস্কারের জন্য গণভোটে রায় দিয়েছে বলে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা জানান, ৭০ ভাগ মানুষ 'হ্যাঁ' ভোট দিয়েছে। গণভোটের রায়কে অপমান করতে দেবো না। এ রায় বাস্তবায়ন করলেই আমাদের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছবে। বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না।

ডা. শফিকুর রহমান বলেন, দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আজ যারা সরকারে আছেন, তারাও মজলুম ছিলেন। অথচ তারাই আজ ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছেন। সমাজের সবক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে চাচ্ছেন। আমরা কিছুতেই এসব মানবো না।

তিনি বলেন, এদেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদ, জুলাইযোদ্ধাসহ ১৮ কোটি মানুষের সঙ্গে বেঈমানি করবো না।

সমাবেশে সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদ। বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

/এমএইচআর

Logo