টাঙ্গাইলে নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম
টাঙ্গাইলের বংশাই নদীতে গোসল করতে নেমে ইসমাইল হোসেন (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাঁটুভাঙ্গা ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ওই কিশোরের বাড়ি গাজীপুর জেলার কোনাবাড়ি থানার আমবাগ এলাকায়। সে ওই এলাকার মুফতি খান ইব্রাহিম খলিলের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা এগারটার দিকে কোনাবাড়ি বাসিয়া নদীর ঘাট থেকে ৪০-৫০ জন মাদরাসার ছাত্র টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর হাঁটুভাঙ্গা এলাকায় নৌকা ভ্রমণে আসে। এরপর অনেকেই মাঠে ফুটবল খেলে। পরে বংশাই নদীতে গোসল করতে নেমে ইসমাইল হোসেন নামের ওই কিশোর নিখোঁজ হয়।
খবর পেয়ে পুলিশ ও মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে নামেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
/এএম