রাজশাহীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নারীর মৃত্যু
রাজশাহী করেসপনডেন্ট
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:০৫ এএম
রাজশাহীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফরিদা পারভীন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা হত্যাকাণ্ডে অভিযুক্ত পরশের বাড়ী পুড়িয়ে দেন।
ফরিদা পারভীন পবা উপজেলার হরিয়ান এলাকার লালন শেখের স্ত্রী।
স্থানীয়রা জানান, পরশের সঙ্গে ফরিদার পরিবারের জমি নিয়ে বিরোধ ছিলো। এ নিয়ে দুপক্ষের মারামারি হয়। একপর্যায়ে ফরিদার গলায় ছুরি দিয়ে আঘাত করে পরশ। এতে অতিরিক্ত রক্তক্ষরণে অচেতন হয়ে পড়েন ফরিদা। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক ফরিদা পারভীনকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার পর পরশ পালিয়ে যায়। পরশ হরিয়ান এলাকার বাবুর পুত্র।
এ বিষয়ে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান বলেন, ফরিদা নামের এক নারীর মৃত্যু হয়েছে। এলাকায় পুলিশ গিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
/এসআর