নরসিংদীতে ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আটক
স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৫০ এএম
নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ইসমাইল আল রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার তুলাতলী মোড় থেকে তাকে আটক করা হয়।
তিনি রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) দায়িত্বে নিয়োজিত আছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়পুরা থানা এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার তুলাতলী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় রাজিব নামের ওই চিকিৎসককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি ইয়াবা সেবন করতেন বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন বলেও জানান ওসি।
/এসআর