নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মনি মিয়া শেখকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার পানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মনি মিয়া শেখ জয়নগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য। তার বাড়ি ওই ইউনিয়নের চর-জয়নগর গ্রামে। মনি মিয়া ওই গ্রামের সোনা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে জয়নগর ইউনিয়নের পুঠিমারি বাজার থেকে কেনাকাটা করে নিজ বাড়ি চর-জয়নগরে ফিরছিলেন মনি মিয়া। পথিমধ্যে পানিপাড়া এলাকার কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে পূর্বে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তদের একটি দল তার উপর হামলা চালায়।
এ সময় তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় মনি মিয়াকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, মরদেহ এখনো এলাকায় এসে পৌঁছায়নি। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের আটকের চেষ্টা চলছে। এছাড়া ওই এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
/এসআর