চুয়াডাঙ্গা সীমান্তে ফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড
স্টাফ করেসপনডেন্ট, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৫:৩১ পিএম
ফাইল ছবি
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ফের পুশইন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জেলার দর্শনা সীমান্ত দিয়ে ৫ জন নারী-পুরষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে তারা। তবে বিজিবির তৎপরতায় সে চেষ্টা প্রতিহত করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান এক বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার ভোরে সীমান্ত পিলার ৭৬/৪-এস বরাবর অবস্থিত গেট দিয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের মাধ্যমে ১ জন পুরুষ, ৩ জন মহিলা ও একজন শিশুকে মোট ৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে।
এসময়, ওই ৫ জন বাংলাদেশে প্রবেশের পূর্বেই বিজিবি টহল দলের নজরে আসে। বিজিবি টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে এবং সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করে।
পরবর্তীতে বিএসএফ উক্ত ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। ফলে বিজিবির তৎপরতায় অবৈধ পুশ-ইনের প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়।
/এনএ