চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:২৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবি ডিলারের গোডাউনে (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) অগ্নিকাণ্ডে নয়ন আলী (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নাচোলে উপজেলার হাটাইল এলাকার একটি গোডাউনে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
নিহত নয়ন আলী নাচোল উপজেলার হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে হাটবাকইল এলাকার একটি দ্বিতল ভবনের নিচতলায় টিসিবি ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নয়ন টিসিবি ডিলারের গোডাউনের কর্মচারী ছিলেন। আগুন নেভাতে গিয়ে তিনি অগ্নিকাণ্ডের শিকার হন। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে ধ্বংসস্তুপ থেকে নয়ন আলীর মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এমদাদুল হক বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রায় দেড় লাখ টাকার টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও প্রায় ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে।
/এসআর