ঠাকুরগাঁওয়ে দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:০৫ পিএম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১ মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন আরমান নামে এক মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার কলেজ বাজার এলাকায় নিজ বাড়িতে দুধ দিয়ে মায়ের হাতে গোসল করে প্রকাশ্যে এমন প্রতিশ্রুতি দেন তিনি ।
স্থানীয়রা জানান, আরমানের বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানায় মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকায় বেশ পরিচিত।
গোসল শেষে উপস্থিত এলাকাবাসীর সামনে আরমান বলেন, তিনি অতীতের সব ভুল থেকে শিক্ষা নিয়েছেন এবং ভবিষ্যতে আর কখনো মাদক ব্যাবসার সঙ্গে জড়াবেন না। তিনি সৎভাবে জীবিকা নির্বাহ করে সমাজের মূলধারায় ফিরে আসতে চান।
তার এই সিদ্ধান্তকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।
/এসআর