×
Logo

সারাদেশ

বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা, কারাগারে স্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম

বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা, কারাগারে স্ত্রী

পটুয়াখালীর বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা দায়েরের অভিযোগে স্ত্রী আকলিমা বেগম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করেন।

বুধবার (২২ জুলাই) দুপুরে আকলিমাকে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

পুলিশ জানায়, অভিযুক্ত নারীর স্বামী ভুক্তভোগী আলমগীর হোসেন দুমকি উপজেলার বাসিন্দা। আনুমানিক দুই বছর আগে আকলিমা আলমগীরের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন। পরে আপস-মীমাংসার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয় এবং তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ওই নারী একমাত্র সন্তানকে নিয়ে পৌর শহরের একটি বাসায় ভাড়া থাকতেন।

সম্প্রতি সন্তানের অসুস্থতার খবর জানালে ভুক্তভোগী আলমগীর বাউফলে আসেন। সন্তানের সঙ্গে কথাবার্তা বলার সময় হঠাৎ অভিযুক্ত আকলিমার লোকজন তার ঘরে প্রবেশ করে মব সৃষ্টি করে জোরপূর্বক দ্বিতীয় দফায় আকলিমার সঙ্গে ভুক্তভোগী আলমগীরের বিয়ে সম্পন্ন করান। সেই বিয়ের কাবিননামা ব্যবহার করে আকলিমা আবারও পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

আদালত সম্পূর্ণ ঘটনা শুনে আকলিমা বেগমের মামলা খারিজ করেন। এ সময় মিথ্যা অভিযোগ এনে হয়রানি করার অভিযোগে ভুক্তভোগী আলমগীর আদালতে আকলিমার বিচার দাবি করলে সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই মামলায় জারি করা পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আদালতের পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

/এসআর 

Logo