কসবা সীমান্তে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত
আখাউড়া করেসপনডেন্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে ৬৫টি কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উদ্ধারকৃত কচ্ছপগুলো স্থানীয় সালদানদীতে অবমুক্ত করা হয়। বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বেলা ১১টার দিকে বিজিবির ৬০ ব্যাটালিয়নের কসবা সালদানদী ক্যাম্পর জওয়ানরা গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের শহীদ মিনার এলাকায় অভিযান চালায়। এসময় বস্তায় ভর্তি ৬৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। এর মধ্যে ৬১টি সন্ধি জাতের কচ্ছপ। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তাবন্দি কচ্ছপগুলো ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে বন্যপ্রাণী পাচার রোধে নিয়মিত অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে বন বিভাগের তত্ত্বাবধানে প্রাকৃতিক আবাসস্থল সালদানদীতে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।
/এসআর