×
Logo

সারাদেশ

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙে পোলট্রি খামারিদের প্রতিবাদ

ষ্টাফ করেসপন্ডেন্ট,নরসিংদী

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:৩১ পিএম

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙে পোলট্রি খামারিদের প্রতিবাদ

পোলট্রি মুরগি ও ডিম উৎপাদনে লাগামহীন খরচ বৃদ্ধি, কর্পোরেট সিন্ডিকেটের একচেটিয়া প্রভাব এবং বাজারমূল্যের চরম বৈষম্যের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে প্রতীকী ডিম ভেঙে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন পোলট্রি খামারি ও ডিলাররা।

মঙ্গলবার (২১ জুলাই) নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে সকালে শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে শিবপুরসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারি এবং ডিলার অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা 'পোল্ট্রি খামার রক্ষা কর, সিন্ডিকেট ধ্বংস কর', 'করপোরেট কোম্পানির ডিম উৎপাদন বন্ধ কর, খামারিদের রক্ষা কর' সহ বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। কর্মসূচির একপর্যায়ে চরম ক্ষোভ প্রকাশ করে খামারিরা মহাসড়কে নিজেদের উৎপাদিত ডিম ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান। 

খামারিদের অভিযোগ, বাজারজাত পোলট্রি খাদ্য, একদিনের বাচ্চা ও ওষুধের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও উৎপাদিত ডিম ও মুরগির সঠিক বিক্রয়মূল্য পাওয়া যাচ্ছে না। মধ্যস্বত্বভোগী ও বড় কর্পোরেট প্রতিষ্ঠানের সিন্ডিকেটের কারণে প্রতিদিন লোকসান গুনতে গুনতে ইতোমধ্যে অনেক প্রান্তিক খামারি ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন। 

তারা আরও বলেন, পোলট্রি খাত দেশের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। এই শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে অবিলম্বে খাদ্যের দাম নিয়ন্ত্রণ, প্রান্তিক খামারিদের সুরক্ষা এবং কর্পোরেট সিন্ডিকেট ভাঙতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে সারাদেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

/এএ 

Logo