চুয়াডাঙ্গায় ২৯২ মেধাবী শিক্ষার্থীর হাতে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান
স্টাফ করেসপনডেন্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম
চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে জেলার ২৯২ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরের এককালীন শিক্ষাবৃত্তির ১৮ লাখ ২৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. সাইফুর রশীদ, সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ এবং জেলা শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতেই জেলা পরিষদ নিয়মিতভাবে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে বৃত্তিপ্রাপ্ত ২৯২ জন শিক্ষার্থীর মধ্যে উচ্চ মাধ্যমিক-সমমান পর্যায়ের ১৫০ জন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০৪ জন, মেডিকেল ও ডেন্টাল বিভাগের ২২ জন এবং প্রকৌশল বিভাগের ১৬ জন শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে মোট ১৮ লাখ ২৬ হাজার টাকার এককালীন শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
এর মধ্যে উচ্চমাধ্যমিক-সমমান শিক্ষার্থীদের ৫ হাজার, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ৭ হাজার, প্রকৌশলী শিক্ষার্থী ৮ হাজার ও মেডিকেল-ডেন্টাল (এমবিবিএস) শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে বিতরণ করা হয়।
/এআই