নড়াইলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
নড়াইল করেসপনডেন্ট
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১১:৪৭ এএম
নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলিনুর ফকির (৩০) কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। অন্যদিকে আলিনুর হত্যায় প্রধান অভিযুক্ত একই এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখ (৩৪)।
নিহতদের স্বজনদের অভিযোগ, গত রমজানে একই গ্রামের রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দেন নিহত আমিনুলের বড় ভাই আমিনুর। মাস খানেকের মধ্যে দেওয়ার কথা থাকলেও রাজিব নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে, শনিবার রাতে টাকা দিতে রাজি হন রাজিব। এসময় দুই ভাই আলিনুর ও আমিনুর একসঙ্গে অভিযুক্তের বাড়ির পাশে যায়। রাজিব টাকা দিতে ফের সময় চাইলে দুইপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে আলিনুরকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনার খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/এসআইএন