×
Logo

সারাদেশ

লালমনিরহাটে মাদক কারবারিকে তোপের মুখে ছাড়তে বাধ্য হলো পুলিশ

স্টাফ করেসপনডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:১৩ এএম

লালমনিরহাটে মাদক কারবারিকে তোপের মুখে ছাড়তে বাধ্য হলো পুলিশ
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে আটক করতে গিয়ে স্থানীয় জনতার একাংশের তোপের মুখে পড়েছে পুলিশ। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে অবরুদ্ধ পুলিশ সদস্যরা আটক ব্যক্তিকে ছেড়ে দিতে বাধ্য হন। শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার টংভাংগা ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রিমন ও তুহীন, সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর হাকিমসহ হাতীবান্ধা থানা পুলিশের একটি দল ভবানীপুর এলাকার মৃত জসীম উদ্দিনের ছেলে মাদক কারবারি হামিদুল ইসলামকে (৩৭) আটক করে। আটক হামিদুলের বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে।

আটকের পর হামিদুলকে নিয়ে আসার সময় তার পরিবারের সদস্য ও স্থানীয় কিছু লোক জড়ো হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে রওনা দিলেও, তার আগেই পরিস্থিতি চরম অবনতি রূপ নেয়। তোপের মুখে পড়ে একপর্যায়ে পুলিশ হামিদুলকে ছেড়ে দিতে বাধ্য হয়।

এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, পুলিশের হাতে আটক হামিদুলের বিরুদ্ধে আগের মাদক মামলা রয়েছে। শনিবার তাকে ধরতে গিয়ে পুলিশ বাধার সম্মুখীন হয়েছে। যারা মব সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসআর 

Logo