×
Logo

সারাদেশ

ভৈরব নদে নিখোঁজের ৩০ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

যশোর করেসপনডেন্ট

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৭:১৬ এএম

ভৈরব নদে নিখোঁজের ৩০ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গৃহবধূ ফাতেমা আক্তার বর্ণার (২৮) মরদেহ প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৮ জুলাই) সারাদিনের অভিযানের পর সন্ধ্যায় নওয়াপাড়া ভৈরব সেতু সংলগ্ন একটি বালিবাহী ড্রেজারের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

এদিকে, শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে গোসল করতে নেমে নদীতে তলিয়ে যান বর্ণা। ঘটনায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল থেকে রাত পর্যন্ত তল্লাশি চালালেও আলোর স্বল্পতায় অভিযান স্থগিত করা হয়।

শনিবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি। সারাদিনের অভিযানের পর সন্ধ্যায় নওয়াপাড়া ভৈরব সেতু সংলগ্ন একটি বালিবাহী ড্রেজারের কাছে ভেসে থাকা মরদেহ দেখতে পান একটি লাইটার জাহাজের সদস্যরা। তাদের তথ্যের ভিত্তিতে ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের টিম লিডার মো. শহীদুল ইসলাম বলেন, শনিবার সকাল থেকে সারাদিনের প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে বর্ণার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসআর 


Logo