জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
জামালপুর করেসপনডেন্ট
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম
জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
দুপুরে প্রথমে আল-সাদিক হৃদয় নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছাড়া হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি জ্বলন্ত কাপড় স্মৃতি স্তম্ভের দিকে নিক্ষেপ করছেন। এরপর সেখানে আগুন জ্বলতে দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আল-সাদিক হৃদয় বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগে লেখাপড়া শেষে ৩-৪ মাস আগে স্ত্রীসহ মালয়েশিয়া পাড়ি জমান তিনি। একসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন । তার বাসা জামালপুর জেলার মাহমুদপুর ইউনিয়নে বলে জানা যায়।
ঘটনাস্থলে দেখা যায়, জুলাই স্মৃতি স্তম্ভের পাশে কিছু পোড়া কাপড় ও ছাই পড়ে রয়েছে। তবে স্মৃতি স্তম্ভের মূল কাঠামোর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জেলা ছাত্রশক্তির নেতারা। প্রতিবাদ হিসেবে আজ সন্ধ্যায় স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করার কথা জানান তারা৷
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করলেও এ বিষয়ে তদন্ত না করে কোনো মন্তব্য করতে চায়নি পুলিশ।
/এনএ