শিক্ষামন্ত্রী
সারাবিশ্ব থেকে বাংলাদেশে শিক্ষার্থীরা পড়তে আসবে, সে আদলে বিশ্ববিদ্যালয় গড়ে তুলছি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৭ পিএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এই বাংলাদেশ হতে হবে এডুকেশনাল হাব। সারাবিশ্ব থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসবে, সেই আদলে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে।
শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। আমি নিজেও জানি, দেশের অসংখ্য ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে কৃতিত্বের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এখনও দেখা যায়, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীরাই ডিস্টিংশন অর্জন করে দেশের সুনাম বাড়াচ্ছে।
তিনি আরও বলেন, তাহলে আমরা কেন বাংলাদেশকে একটি এডুকেশনাল হাব হিসেবে গড়ে তুলতে পারবো না? যুক্তরাজ্য যদি শিক্ষা খাত থেকে বছরে ৪০ বিলিয়ন ডলারের ব্যবসা করতে পারে, তাহলে আমরা কেন ১০০ বিলিয়ন ডলারের সম্ভাবনা তৈরি করতে পারবো না? আমাদের সবচেয়ে বড় শক্তি ও সম্পদই তো আমাদের মেধাবী তরুণ প্রজন্ম।
কিছু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে খুব সুন্দর পোস্ট দেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষক, যার নামের আগে ‘ডক্টর’ লেখা আছে, তিনি আমাকে ‘পরীক্ষা মিলন’ বলে সম্বোধন করেছেন। আমি বলছি, হ্যাঁ, আমার নাম যদি ‘পরীক্ষা মিলন’ও হয়, তাতে সমস্যা কোথায়?
তিনি আরও বলেন, ডক্টর সাহেব, আপনি যে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, সেটিও কি কোনো পরীক্ষা বা মূল্যায়ন ছাড়া করেছেন? আজকের উন্নত বিশ্বে শিক্ষাব্যবস্থায় নানা আধুনিক পদ্ধতি, যেমন প্রজেক্টভিত্তিক মূল্যায়ন চালু হয়েছে ঠিকই, কিন্তু সেখানে কি কোনো ধরনের মূল্যায়ন বা পরীক্ষা একেবারেই থাকে না?
এসময় শিক্ষামন্ত্রী বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা গ্রহণ এবং দেওয়া বক্তব্য নিয়ে ট্রল করা হয়েছে। যারা ট্রল করেছে তারা কেউ পরীক্ষার্থী না। বিষয়গুলো নিয়ে কেউ কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করে তিনি।
/এসআইএন