×
Logo

সারাদেশ

নীলফামারীতে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল শিশুসহ দুজনের

নীলফামারী করেসপনডেন্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম

নীলফামারীতে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল শিশুসহ দুজনের

নীলফামারীতে বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মুত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বর-কনেসহ অন্তত ১২ জন। শনিবার (১৮ জুলাই) ভোর রাতে কিশোরগঞ্জ উপজেলা থেকে টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাস বয়সি ছেলে জীবন ইসলাম ও মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নীলফামারী সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকা থেকে ১৫ থেকে ১৬ জন বরযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস কিশোরগঞ্জ উপজেলার যুগিপাড়ায় যায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শনিবার ভোরে নববধূকে নিয়ে ফেরার পথে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই সাত মাসের শিশু জীবন ও এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলামের মৃত্যু হয়। আহত অন্তত ১২ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

/এসআর 

Logo