×
Logo

সারাদেশ

ফরিদপুরে রাসেল ভাইপারের কামড়ে আহত শিশু, সাপ নিয়েও হাসপাতালে স্বজনরা

ফরিদপুর করেসপনডেন্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:২৬ এএম

ফরিদপুরে রাসেল ভাইপারের কামড়ে আহত শিশু, সাপ নিয়েও হাসপাতালে স্বজনরা

ফরিদপুরে বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে নূরুন্নাহার নামে ৭ বছরের এক শিশু আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত শিশুর সাথে কামড় দেওয়া রাসেল ভাইপার সাপটিকেও ধরে পলিথিনে করে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমন ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বর ডাংগী গ্রামের নুরু শেখের সাত বছর বয়সি শিশু কন্যা নুরুন্নাহার পদ্মা নদীর পাড়ে অন্যান্য শিশুদের সাথে খেলছিল। এ সময় বিষাক্ত রাসেল ভাইপার সাপ শিশুটির পায়ে কামড় দিলে শিশু নুরুন্নাহার চিৎকার করতে থাকে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক হাত লম্বা বিষাক্ত রাসেল ভাইপার সাপটিকে ধরে পলিথিনে ভরে রাখে। 

পরে শিশু নুরুন্নাহার ও রাসেল ভাইপার সাপটিকে নিয়ে তার স্বজনেরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। 

তাৎক্ষণিকভাবে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

/এসআর 


Logo