×
Logo

সারাদেশ

গাংনী পৌরসভার বর্জ্য থেকে জৈব সার, বদলে যাচ্ছে চিত্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ এএম

গাংনী পৌরসভার বর্জ্য থেকে জৈব সার, বদলে যাচ্ছে চিত্র

মেহেরপুরের গাংনী পৌরসভায় শহরের প্রতিদিনের ময়লা-আবর্জনা থেকেই তৈরি হচ্ছে পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট জৈব সার। এতে একদিকে পরিচ্ছন্ন থাকছে শহর অন্যদিকে নিরাপদ সার পাচ্ছেন কৃষকেরা।

সংশ্লিষ্টরা জানান, শহরের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন প্রায় তিন টন বর্জ্য সংগ্রহ করে চৌগাছার কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে নেওয়া হচ্ছে। সেখানে প্লাস্টিক ও অন্যান্য অপচনশীল বর্জ্য আলাদা করে জৈব বর্জ্য প্রক্রিয়াজাত করে ভার্মি কম্পোস্ট সার তৈরি হচ্ছে। পরিবেশ রক্ষার পাশাপাশি কৃষিতে নিরাপদ ও বিষমুক্ত উৎপাদনে এই উদ্যোগ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। 

এদিকে, স্থানীয়ভাবে জৈব সারের প্রতি আগ্রহ বাড়ছে চাষিদের। রাসায়নিক সারের তুলনায় দাম কম, এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি মাটির উর্বরতা শক্তিও বৃদ্ধি পাচ্ছে। 

এ বিষয়ে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, পরিবেশবান্ধব ইন্টিগ্রেটেড ওয়েষ্ট ম্যানেজমেন্ট পদ্ধতিতে প্রতি মাসে ৪০০ কেজি জৈব সার তৈরি হচ্ছে। যা কেজিপ্রতি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

গাংনী পৌরসভার  উপর-সহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ বলেন, ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা করছি আমরা। জৈব বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়াজাত হচ্ছে কিনা, তা তদারকি করা হচ্ছে। এতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি কৃষকেরাও উপকৃত হচ্ছেন। 

উল্লেখ্য, ৩০ টি পৌরসভার পানি সরবরাহ স্যানিটেশন প্রকল্পের আওতায় গাংনী পৌরসভায় কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্লান্টটি স্থাপন করা হয়। 

/এসআর 


Logo