বৃষ্টি-জলাবদ্ধতার পর চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, সংক্রমণে ঊর্ধ্বগতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:০৫ এএম
টানা বর্ষণ ও জলাবদ্ধতার প্রভাব কাটতে না কাটতেই চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি বছরের প্রথম ছয় মাসের তুলনায় জুলাই মাসেই সংক্রমণের গতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধু ৬ থেকে ১৭ জুলাই পর্যন্ত ১২ দিনে আক্রান্ত হয়েছেন ১৭৪ জন। চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গুর উপসর্গে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। তাই একদিনের জ্বর হলেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
জানা যায়, টানা বেশকিছুদিনের ভারী বৃষ্টির পর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে। কদিন আগেও রোগীশূন্য থাকা ৫০ শয্যার ওয়ার্ড এখন রোগীতে পরিপূর্ণ। প্রতিদিনই মহানগরসহ আশপাশের জেলা-উপজেলা থেকে নতুন রোগী ভর্তি হচ্ছেন।
ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই নগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। এছাড়া রাঙ্গুনিয়া, রাউজান, মীরসরাইসহ আশপাশের উপজেলা থেকেও আসছেন ডেঙ্গু আক্রান্তরা। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ৬ জুলাই থেকে ১৭ জুলাই চট্টগ্রামে ১৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। টানা বৃষ্টিতে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বাড়ায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে।
এ বিষয়ে চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের ডেঙ্গু ফোকাল পার্সন ডা. নূর মোহাম্মদ বলেন, এবার ডেঙ্গুর উপসর্গে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। তাই একদিন জ্বর হলেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, এদিকে হঠাৎ রোগী বাড়লেও চিকিৎসাসেবা দিতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।
উল্লেখ্য, চলতি বছর চট্টগ্রামে ৫২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু চলতি মাসের ১৭ দিনেই আক্রান্ত হয়েছেন ২৩১ জন।
/এসআর