চট্টগ্রাম, পার্বত্য জেলা ও কক্সবাজারে পানি কমতে থাকায় বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:০৯ এএম
ফাইল ছবি
নতুন করে ভারি বৃষ্টি না হওয়ায় চট্টগ্রাম, পার্বত্য জেলা ও কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত সড়ক, বাড়িঘর ও ফসলি জমির কারণে দুর্ভোগ কাটেনি।
চট্টগ্রামের সাতকানিয়ার প্রায় সব ইউনিয়নের গ্রাম থেকে বন্যার পানি নেমে গেছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে ঘরে ফিরেছেন বাসিন্দারা। তবে ক্ষয়ক্ষতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। চরতী, আমিলাইষ, সোনাকানিয়া, কাঞ্চনা, নলুয়া, এওচিয়াসহ উপজেলার প্রায় সব ইউনিয়নের আঞ্চলিক সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে।
একই চিত্র পাশের উপজেলা বাঁশখালীতেও। অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেলেও বাড়িঘর, ফসলি জমি ও সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল থেকেও পানি নেমে গেছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁশখালী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কক্সবাজারের নিম্নাঞ্চলের বেশিরভাগ এলাকা থেকেও পানি নেমে গেছে। অন্যদিকে রাঙ্গামাটির বেশিরভাগ এলাকা থেকে পানি নামলেও নিচু এলাকাগুলো এখনও জলাবদ্ধ রয়েছে। দুর্গত এলাকাগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট অব্যাহত রয়েছে।
/এএন