×
Logo

সারাদেশ

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ আটক ৯

সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ আটক ৯

জয়পুরহাটের কালাই একডালা (নিশ্চিন্তা) এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়ে এক নারীসহ ৯ জনকে আটক করেছে কালাই থানা পুলিশ। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকার শাহজাহান আলীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। 

অভিযানে আটক ব্যক্তিরা হলেন, কালাই উপজেলার একডালা (নিশ্চিন্তা) এলাকার বাড়ির মালিক শাহজাহান আলী (৬০), দুরুঞ্জ এলাকার মেহেরুল ইসলাম (৩৫), ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর এলাকার আরমান হোসেন (৪৬), নিশ্চিন্তা বাজার এলাকার নেওয়াজ মোর্শেদ সোহাগ (২৮), আক্কেলপুর উপজেলার শিয়ালা এলাকার জামাল হোসেন (৫০), মিরাজ মণ্ডল (৪৫) ও আবুল হোসেন (৬০), পাঁচবিবি উপজেলার শনতাতীগড় এলাকার উজ্জ্বল হোসেন (৩৫), বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার রাশেদুল ইসলাম (৫০) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এলাকার আসমা খাতুন (২৫)।

স্থানীয়রা জানান, শাহজাহান আলীর বাড়িতে দীর্ঘদিন ধরেই অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ ছিল। তিনি প্রকাশ্যে নামমাত্র পোল্ট্রি ব্যবসা পরিচালনা করলেও বাড়ির ভেতরে গোপনে এসব কার্যক্রম চলত। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করলেও নানা কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি।

স্থানীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বাড়ির মালিকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড আর কোনো এলাকায় গড়ে উঠতে না পারে, সে জন্য প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান। 

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

/এসআর 

Logo