গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
সিনিয়র করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:০১ পিএম
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আলীম কাজী আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকার নিজ বাড়িতে মাদকাসক্ত আলীম কাজী দা হাতে নিয়ে তার বাবা ইসমাইল কাজীকে গালিগালাজ করেন। এ সময় ইসমাইল কাজী তাকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আলীম তার বাবার গলায় বটি দিয়ে কোপ দেন।
পরে গুরুতর আহত অবস্থায় ইসমাইল কাজীকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের অপর ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত, সাক্ষ্যগ্রহণ এবং শুনানি শেষে আদালত এ রায় দেন।
/এমএসটি/এমএন