×
Logo

সারাদেশ

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ

মোংলা করেসপনডেন্ট

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৪২ পিএম

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ

বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের আলোচিত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সক্রিয় ডাকাত আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় বাগেরহাটের মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরে আনুষ্ঠানিকভাবে তাদের আত্মসমর্পণ কার্যক্রম সম্পন্ন হয়।

আত্মসমর্পণের সময় তারা কোস্ট গার্ডের কাছে ৩টি বিদেশি বন্দুক, ১টি এইট-এইট শুটার, ১টি ফোর শুটার, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ২টি চায়না পাইপগান, ৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেন।

এর আগে সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে মোংলা থানার সুন্দরবনের চরপুটিয়া খাল এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন।

কোস্ট গার্ড পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে জানান, কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী কোণঠাসা হয়ে পড়েছে। অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যেতে না পেরে ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন।

জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ এবং আত্মসমর্পণকারীদের পুনর্বাসনসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।

ক্যাপ্টেন মেসবাউল ইসলাম সুন্দরবনের অন্যান্য সক্রিয় বনদস্যুদেরও আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, যারা আত্মসমর্পণ করবেন, তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। তবে যারা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন, তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএসটি/এমএন

Logo