নওগাঁর মহাদেবপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
নওগাঁ করেসপনডেন্ট
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০১:৩৯ পিএম
নওগাঁর মহাদেবপুর উপজেলার পাহাড়পুর গ্রাম থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে লোকমান মণ্ডল ও তার স্ত্রী দেলোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রোববার রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমাতে যান ওই দম্পতি। ভোরে তাদের ছেলে মুক্তার হোসেন ঘরে গিয়ে বাবা-মাকে অচেতন অবস্থায় পান। পরে প্রতিবেশীদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দুজনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে জানানো হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা দাবি, নিহতদের ছেলে নেশা ও মোবাইলে জুয়ায় আসক্ত। নেশার জন্য বাবা-মার কাছে টাকা চাইলে দিতে অস্বীকার করলে বিষাক্ত কিছু খাইয়ে এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
তবে এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততার বিষয়ে এখনো পুলিশ নিশ্চিত করেনি।
এ বিষয়ে দম্পতির ছেলে মুক্তার হোসেন বলেন, তার বাবা-মায়ের মৃত্যু কীভাবে হয়েছে, তা তিনি জানেন না। ভোরে ঘরে গিয়ে মরদেহ দেখতে পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, প্রাথমিকভাবে বিষাক্ত কিছু খাওয়ার কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এমএসটি