ত্রিপুরার পাহাড়ি ঢলে প্লাবিত আখাউড়ার নিম্নাঞ্চল
আখাউড়া করেসপনডেন্ট
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:৪৪ পিএম
টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ জুলাই) ভোর থেকে ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বাড়তে শুরু করে। এতে আখাউড়া উপজেলার মোগড়া, মনিয়ন্দ ও দক্ষিণ ইউনিয়নের নিচু এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করেছে।
পাহাড়ি ঢলের পানিতে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমস হাউস এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও দাফতরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এছাড়া আখাউড়া-আগরতলা স্থলবন্দর সড়কে এখনো পানি না ওঠায় যান চলাচল ও আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
তবে স্থলবন্দর এলাকার কয়েকটি সিএন্ডএফ এজেন্টের অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, খাবারের হোটেল এবং সীমান্তবর্তী অনেক বাড়িঘরে পানি ঢুকেছে।
স্থানীয়দের আশঙ্কা, হাওড়া নদীর বাঁধ ঝুঁকিতে রয়েছে। একইসঙ্গে, কালন্দি খাল ও জাজি নদী দিয়ে পাহাড়ি ঢলের পানি দ্রুত বাংলাদেশে প্রবেশ করায় সীমান্তবর্তী আরও কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। দুর্গত মানুষের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
/এমএসটি