×
Logo

সারাদেশ

কুষ্টিয়ায় টানা বৃষ্টির প্রভাব কাঁচাবাজারে, বাড়ছে কিছু সবজির দাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম

কুষ্টিয়ায় টানা বৃষ্টির প্রভাব কাঁচাবাজারে, বাড়ছে কিছু সবজির দাম

টানা বৃষ্টির প্রভাব পড়তে শুরু করেছে কাঁচাবাজারে, বেড়েছে বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় সবজির দাম। সোমবার (১৩ জুলাই) কুষ্টিয়ার পৌরবাজারে ঘুরে এমন চিত্র দেখা যায়। 

বাজারের বর্তমান দরদামের বিষয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কাঁচামরিচ। গত সপ্তাহেও প্রতি কেজি কাঁচামরিচ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা।

পাশাপাশি বেগুনের দামও বেড়েছে। আগে প্রতি কেজি বেগুন ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও এখন তা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

এ ছাড়া করলার দামও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পটলের দামও প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে।

বাজারে এখন পর্যন্ত সবজির সরবরাহ রয়েছে। বাজারের আড়তদাররা বলছেন, বর্তমানে কয়েকটি পণ্যের দাম বেড়েছে। তবে বন্যা পরিস্থিতি ও আবহাওয়ার বর্তমান অবস্থা, বিশেষ করে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে আরও বিভিন্ন সবজির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ক্রেতারাও জানান, এখনই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এবং অনেক পণ্যের দাম ইতোমধ্যেই বৃদ্ধি পেয়েছে। 

এদিকে, আগে এই বাজারে জলাবদ্ধতার সমস্যা থাকলেও সড়ক উঁচু করে দেওয়ায় এখন কাঁচাবাজারে যাতায়াতে সুবিধা হয়েছে। তবে বাজারের আড়তের ভবনগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বৃষ্টির কারণে ভবনগুলো এখন অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে।

/এএন

Logo