চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
স্টাফ করেসপনডেন্ট, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পিএম
ফাইল ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৬০) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম একই উপজেলার গড়গড়ি গ্রামের মৃত আজগার আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১২টার দিকে আয়েশা বেগম মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় আসেন এবং ট্রেন আসার সময় জানতে চান। এরপর দুপুর পৌনে ১টার দিকে খুলনাগামী ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেন এলে, চলন্ত ট্রেনের সামনে গিয়ে রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, আয়েশা বেগম শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে অসুস্থ, তাই তাদের পেছনে অনেক খরচ লাগে। যা নিয়মিত জোগাড় করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। সংসারেও ছিল অভাব, এসব কারণে আয়েশা বেগম আত্মহত্যা করে থাকতে পারেন।
চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ বলেন, চলন্ত ট্রেনে মাথা দিয়ে এক নারী আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর লাশ উদ্ধার করে। পাশাপাশি, পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
/এনএ